Cvoice24.com

খেলার সময় গলায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩৮, ৪ আগস্ট ২০২৬
খেলার সময় গলায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় খেলার সময় অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে আদশ্রী তঞ্চঙ্গ্যা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদশ্রী তঞ্চঙ্গ্যা ওই এলাকার বাসিন্দা তপন বিকাশ তঞ্চঙ্গ্যার মেয়ে।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা উভয়েই জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। এ সময় আদশ্রী বাড়িতে একা খেলছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত তার গলায় একটি গামছা পেঁচিয়ে যায়। এতে সে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাহাড় সব খবর