Cvoice24.com

টেকনাফে অপহরণের ৩ দিন পর ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক আরেক রোহিঙ্গা

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:২৮, ৫ আগস্ট ২০২৬
টেকনাফে অপহরণের ৩ দিন পর ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক আরেক রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) র‌্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, উখিয়া থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে টেকনাফের মুচনী ক্যাম্পসংলগ্ন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)। তারা উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। পরে তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও তারা অভিযোগ করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুচনী রেজিস্টার ক্যাম্প-১-এর ডি ব্লক এলাকায় অভিযান চালিয়ে হাফেজ আহম্মেদ (৫৩) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। 

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 

র‌্যাব আরও জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।