ইন্টারনেটের কাজ করছিলেন, বালুবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
প্রতিনিধি, সিভয়েস২৪
ভোরের অন্ধকার তখনও কাটেনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ একটি বালুবোঝাই ট্রাক এসে তাদের বহনকারী মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে মো. ইমরান (২৮) নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন মিনি ট্রাকের চালক মো. জাকির হোসেন (৫০)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা এলাকার হাক্কানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজের জন্য ইমরানসহ কয়েকজন শ্রমিক মিনি ট্রাকে করে সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী লেনে থাকা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ইমরান ও জাকির হোসেন গুরুতর আহত হন। ইমরানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত জাকিরকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইমরান বগুড়া জেলার কালাহু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাছির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূঁইয়া।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












