চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রশাসনের সভা, বিএনপির র্যালি
চন্দনাইশ প্রতিনিধি,সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি পৃথক কর্মসূচি পালন করেছে। প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
আলোচনা সভায় বক্তব্য দেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার এবং বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল।
বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করা প্রয়োজন। তাঁরা গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান।
পরে শহীদদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
এদিকে বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সমাবেশ ও র্যালি করেছে চন্দনাইশ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বর থেকে র্যালিটি বের হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে র্যালিটি গাছবাড়িয়া খানহাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোরশেদুল আলম চৌধুরী।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














