রাউজানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, রাউজান থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাদ কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু এবং উরকিরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসাইন।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের অধিকার এবং দেশ গঠনে নাগরিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের চেতনা ও তাৎপর্য তুলে ধরার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














