টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই সন্দেহে যুবক গ্রেপ্তার
উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. আক্তার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আক্তার হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুরালীপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (২ আগস্ট) বিকেলে টেকনাফ বন্দরসংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় টেকনাফ–কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় বিকাশ এজেন্টের কর্মচারী একরামকে ছুরিকাঘাত করা হলে তিনি আহত হন।
টেকনাফের বিকাশ এজেন্টের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, এ ঘটনায় আহত একরাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
কক্সবাজার সব খবর















