শাহপরীর দ্বীপে অর্ধগলিত অচেনা মরদেহ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে ছিল। দুর্গন্ধ পেয়ে কয়েকজন স্থানীয় সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। তাদের ধারণা, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো রোহিঙ্গা ব্যক্তির মরদেহ হতে পারে। তবে এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার (৩১ জুলাই) শাহপরীর দ্বীপ উপকূলে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজার সব খবর















