Cvoice24.com

পেকুয়ার সোনালী বাজার কমিটির সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০২, ২ আগস্ট ২০২৬
পেকুয়ার সোনালী বাজার কমিটির সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের নুরুল আবছার।

সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে হুমায়ন কবির নির্বাচিত হয়েছেন। তিনি প্রজাপতি প্রতীকের শাহ জাহান আলমকে পরাজিত করেন।

সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে আ জ ম নাছির উদ্দিন বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মো. নুরুল আলম।

অর্থ সম্পাদক পদে তালাচাবি প্রতীক নিয়ে তারেক হোছাইন ইমরান জয়লাভ করেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জগ প্রতীকের মো. নুরুল আজিম।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. নুরুন্নবী (মই), এস এম ফোরকান (মোরগ) এবং মুহাম্মদ নুরুল আবছার (টিউবওয়েল) নির্বাচিত হন। আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।

নির্বাচন পরিচালনা সূত্রে জানা গেছে, মোট ২৭৪ জন ভোটারের মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তবে উৎসবমুখর এই নির্বাচনের মধ্যেই ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। নির্বাচনী দায়িত্ব পালনকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের হাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মাস্টার হানিফ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য শাহ আলম, কামাল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম নুরী, শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নির্বাচন শুরুর পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।