Cvoice24.com

চবির সেরা গবেষণা নিবন্ধের পুরস্কার পেলেন অধ্যাপক রুমানা আক্তার

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
২৩:৪২, ১৩ জুলাই ২০২৬
চবির সেরা গবেষণা নিবন্ধের পুরস্কার পেলেন অধ্যাপক রুমানা আক্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ সালের ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার। বিভিন্ন অনুষদ থেকে নির্বাচিত ছয়জন গবেষকের মধ্যে তিনি জীববিজ্ঞান অনুষদের প্রতিনিধি হিসেবে এ সম্মাননা অর্জন করেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান ও গবেষণা কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল গত কয়েক বছর ধরে যে বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করে আসছে, এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের স্বীকৃতি গবেষকদের আরও উৎসাহিত করে, নতুন গবেষণায় অনুপ্রাণিত করে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান।

চবি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এতে রিসার্চ সেলের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’র জন্য বিভিন্ন অনুষদ থেকে ছয়জন গবেষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন—কলা ও মানববিদ্যা অনুষদের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, সমাজবিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ, প্রকৌশল অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার।

জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ড. রুমানা আক্তার ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০২৫ সালের আগস্টে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য। এর আগে বিভাগীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন। দেশ-বিদেশের খ্যাতনামা গবেষণা সাময়িকীতে তার ১৫টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ক্যাম্পাস সব খবর