Cvoice24.com

অগ্নিঝুঁকি কমাতে চবির হলে ফায়ার এক্সটিংগুইশার

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৩, ২২ জুন ২০২৬
অগ্নিঝুঁকি কমাতে চবির হলে ফায়ার এক্সটিংগুইশার

আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্নিঝুঁকি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলে দুটি অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন করা হয়েছে। 

রবিবার (২১ জুন) বিকেলে হলের প্রধান প্রবেশপথ ও ডাইনিং হলে আনুষ্ঠানিকভাবে হল সংসদের উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো স্থাপন করা হয়।

হল সংসদ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পাওয়া গেলে হলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী, হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন, অফিস সম্পাদক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক।

অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিঝুঁকি হ্রাসের লক্ষ্যেই এই অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।’

হল সংসদের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে দুটি অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। বাজেটের ব্যবস্থা করতে পারলে পরবর্তী ধাপে হলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের সরঞ্জাম স্থাপন করা হবে।’

হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসিফ বলেন, ‘অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে খুব শিগগিরই একটি প্রশিক্ষণমূলক মহড়ার আয়োজন করা হবে।’

সংশ্লিষ্টদের মতে, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের ফলে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমানোর সক্ষমতা বৃদ্ধি পাবে।

ক্যাম্পাস সব খবর