Cvoice24.com

চবিসাসের ফল উৎসব ও গল্প আড্ডায় সাংবাদিকতা

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
২০:৩৮, ২৯ জুন ২০২৬
চবিসাসের ফল উৎসব ও গল্প আড্ডায় সাংবাদিকতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা ও ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় চবিসাসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ও চবি শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

গল্পে আড্ডায় সাংবাদিকতা সেশনে আলোচক হিসেবে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো চিফ ওমর ফারুক এবং চবিসাসের সাবেক সদস্য, চবির দর্শন বিভাগের প্রভাষক মীর হোসেন মজুমদার। এতে সাংবাদিকতার পেশাগত অভিজ্ঞতা, সমসাময়িক চ্যালেঞ্জ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “অনেকে বলেন প্রশাসন নাকি সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই—আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং এর পূর্ণ স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চাই না।”

তিনি বলেন, “সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। দর্পণটি যদি ময়লাযুক্ত বা ভাঙা হয়, তবে সমাজের চেহারাও বিকৃত দেখাবে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যের মাপকাঠি এবং তথ্য যাচাইয়ের বিষয়ে সাংবাদিকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

 উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধান করা সম্ভব।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, “ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে ক্যাম্পাসকে আরও এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।”

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, আমাদের কলম ও ক্যামেরায় সর্বদা সত্যের বার্তা ছড়িয়ে দেই। নানা সীমাবদ্ধতার মধ্যেও ক্যাম্পাসের নানা দিক নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আয়োজনে সাড়া দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

ক্যাম্পাস সব খবর