Cvoice24.com

চবিতে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল 

সিভয়েস২৪ ডেস্ক
১১:৩৬, ১৫ জুন ২০২৬
চবিতে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভিন্ন ভিন্ন ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবির ও  ছাত্রদল। এ সময় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন দুই সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন দুটি।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ শেষে আবারও জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সহাবস্থান চাই, তবে কোনো ধর্ষকের স্থান এই ক্যাম্পাসে হবে না। বর্তমান বাংলাদেশে অতীতের মতো পরিস্থিতি আর নেই। অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

অন্যদিকে, জাতীয় সংসদে বিএনপির এক সংসদ সদস্যের হিজাবসংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির নেতারা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য দুঃখজনক। সংবিধান প্রত্যেক নাগরিককে পোশাক নির্বাচনের স্বাধীনতা দিয়েছে। আমরা ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।’

এ সময় সংগঠনটির আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিবও বক্তব্য দেন। তিনি ছাত্ররাজনীতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নিজের সংগঠনের অবস্থান তুলে ধরেন।

এদিকে দুই সংগঠনের কর্মসূচি একই সময়ে এবং একই এলাকায় অনুষ্ঠিত হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাম্পাস সব খবর