Cvoice24.com

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কালচারাল ক্লাবের প্রাক্তন সদস্যদের সম্মাননা

সিভয়েস২৪ ডেস্ক
১৫:৪০, ১৫ আগস্ট ২০২৬
পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কালচারাল ক্লাবের প্রাক্তন সদস্যদের  সম্মাননা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন পোর্ট সিটি কালচারাল ফোরাম (পিসিসিএফ)-এর প্রথম নির্বাহী কমিটির উদ্যোগে প্রাক্তন সদস্যদের সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান ‘লিগ্যাসি অ্যাপ্রিসিয়েশন সিরেমনি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান এবং প্রক্টর মো. রাশেদ খান মিলন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সানজিদা ওয়াদুদ উপমা এবং ফ্যাকাল্টি সদস্য আশরাফুল ইসলাম সুমন, জেরিন আক্তার ও সায়মা ইসলাম।

অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সদস্যদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁদের অবদান, নিষ্ঠা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পোর্ট সিটি কালচারাল ফোরামের প্রথম নির্বাহী কমিটির সভাপতি রাজু চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় সহসভাপতি পৌষি দে এবং কমিটির অন্যান্য সদস্য বক্তব্য রাখেন। তাঁরা সংগঠনের অগ্রযাত্রায় প্রাক্তন সদস্যদের অবদানের কথা তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, একটি সংগঠনের বর্তমান সাফল্যের পেছনে প্রাক্তন সদস্যদের শ্রম, মেধা ও সৃজনশীল অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের হাত ধরেই গড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সংগঠনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘একবার সদস্য, চিরকাল পরিবারের অংশ।’ আয়োজকদের ভাষ্য, প্রাক্তন সদস্যদের সম্মান জানানো, তাঁদের সঙ্গে বর্তমান সদস্যদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং পোর্ট সিটি কালচারাল ফোরামের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে স্মৃতিচারণ, মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে ‘লিগ্যাসি অ্যাপ্রিসিয়েশন সিরেমনি-২০২৬’-এর সমাপ্তি ঘটে।