টেকনাফগামী প্রাইভেটকারে ২৮৪ ক্যান বিয়ার, যুবক আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক আজিজুল হক টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের একটি বক্সে রাখা ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
পরে গাড়ির চালক ও অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আজিজুল হককে আটক করে বিজিবি।
বিজিবির দাবি, জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছেন, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, উদ্ধার করা বিয়ার জব্দ করা হয়েছে। আটক আজিজুল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার সব খবর















