৩৩ কেভি লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ বন্ধ উখিয়া-টেকনাফে
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় ভারি বৃষ্টির মধ্যে একটি বড় রেইনট্রি গাছ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উখিয়া ও টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন উখিয়া ও টেকনাফের তিন লক্ষাধিক গ্রাহক।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মরিচ্যা বিজিবি চেকপোস্ট-সংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই এলাকায় ভারি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই সড়কের পাশে থাকা বড় রেইনট্রি গাছটি হঠাৎ উপড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। গাছের আঘাতে চার খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে উখিয়া ও টেকনাফ দুই উপজেলা এবং মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির দৈনন্দিন কাজের পাশাপাশি দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে প্রভাব পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ, ইন্টারনেট সেবা ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন কার্যক্রম নিয়েও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া কার্যালয়ের ডিজিএম কায়জার নুর বলেন, ‘গাছটি লাইনের ওপর পড়ায় ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে মেরামতকাজের জটিলতার কারণে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে থাকা বিশাল গাছটি অপসারণে ঘটনাস্থলে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা। বিদ্যুৎ লাইন সচল করার আগে গাছটি নিরাপদে সরিয়ে সড়ক ও বৈদ্যুতিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করছেন।’
তিনি জানান, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাছ অপসারণেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইন বিচ্ছিন্ন ও নিরাপদ করার পর ফায়ার সার্ভিস সদস্যরা গাছ কাটা ও সরানোর কাজে সহযোগিতা করছেন।
কক্সবাজার সব খবর















