Cvoice24.com

সূর্য-চাঁদ-পৃথিবী একই সরলরেখায়, রাতেই বিরল মহাজাগতিক দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৬, ১২ আগস্ট ২০২৬
সূর্য-চাঁদ-পৃথিবী একই সরলরেখায়, রাতেই বিরল মহাজাগতিক দৃশ্য

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আকাশে ঘটতে যাচ্ছে বিরল এক মহাজাগতিক দৃশ্য—সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় তৈরি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

২০২৪ সালের এপ্রিলের পর আবারও পৃথিবীবাসী এমন বিরল দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন। এবারের গ্রহণের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার এটিই প্রথম বড় সুযোগ। ফলে বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা নির্ধারিত এলাকাগুলোতে জড়ো হয়েছেন।

তবে প্রকৃতির খেয়ালও রয়েছে সঙ্গে। কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় গ্রহণের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার আশঙ্কা রয়েছে। ফলে কোথাও কোথাও দর্শনার্থীদের অপেক্ষা করতে হতে পারে অনুকূল আবহাওয়ার জন্য।

বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।

সূর্যগ্রহণ ঘটে তখনই, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। আর চাঁদের আপাত আকার পৃথিবী থেকে সূর্যের প্রায় সমান হওয়ায় নির্দিষ্ট অবস্থানে চাঁদ পুরো সূর্যকে ঢেকে ফেলতে পারে। তখনই সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অসাধারণ দৃশ্য।

নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর পৃথিবীর কোনো না কোনো প্রান্তে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। কিন্তু সবগুলো পূর্ণগ্রাস নয়। গড়ে প্রায় দেড় বছর পর পৃথিবীর কোনো একটি অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ আসে। আর এক শতাব্দীতে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।

তাই আকাশ পরিষ্কার থাকলে আজকের এই মহাজাগতিক মুহূর্ত হয়ে উঠতে পারে আকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা।
 

অন্যদেশ সব খবর