Cvoice24.com

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বড় বার্তা, যা বললেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১২:০০, ৩ আগস্ট ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বড় বার্তা, যা বললেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, গত জুনে হওয়া এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, চুক্তির সব শর্ত বাস্তবায়নে প্রতিপক্ষকে বাধ্য করতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে। 

তার মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুসংহত হবে এবং মিত্র দেশগুলোর জন্যও ইতিবাচক প্রভাব বয়ে আনবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি নতুন সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি রয়েছে। রবিবার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি ও নিরস্ত্রীকরণ ইস্যুতেও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তার ভাষায়, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

যদিও দুই পক্ষই আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে, তবুও সমঝোতার চূড়ান্ত রূপ এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।