বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে সতর্কবার্তা, বন বাঁচলেই বাঁচবে হাতি
বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
হাতির বিলুপ্তি রোধ, সুরক্ষা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। বুধবার (১২ আগস্ট) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের বিশ্ব হাতি দিবসের প্রতিপাদ্য—‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি।’
হাতি সংরক্ষণ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাতির আক্রমণসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, চাম্বল বিট কর্মকর্তা মো. দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছুড়ি বিট কর্মকর্তা কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, চুনতি সংরক্ষিত বনের পূর্ব জঙ্গল চাম্বল এলাকায় অন্তত শতাধিক পরিবার বসতি স্থাপন করেছে। শুধু চাম্বল অংশেই নয়, পুইছড়ি, নাপোড়া, জলদি ও কালীপুর এলাকার সংরক্ষিত বনেও জলবায়ু উদ্বাস্তুরা বসতি গড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাতির আবাসভূমি।
বনে মানুষের উপস্থিতি বাড়ায় খাদ্যসংকটে পড়ছে বন্যহাতি। সংরক্ষিত বনে বসতি স্থাপনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিরা। বন্ধ হয়ে গেছে হাতি চলাচলের পথ এবং সংকুচিত হয়েছে তাদের আবাসস্থল।
বক্তারা জানান, জলবায়ু উদ্বাস্তুরা গহিন বনে হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত বিভিন্ন গাছপালা ধ্বংস করে চাষাবাদ শুরু করেছেন। ফলে খাবারের সন্ধানে হাতি বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে। এ সংকট আরও বাড়তে থাকলে হাতি-মানুষের দ্বন্দ্ব যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মোট আয়তন ২৪ হাজার ৪৫৪ একর। এর মধ্যে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ১৫ হাজার ৫৯৬ একর এলাকা বাঁশখালী উপজেলায় পড়েছে। বাঁশখালী অংশে রয়েছে একটি রেঞ্জ ও চারটি বিট।
উপজেলার পূর্ব পাশের পাহাড়ি এলাকার পুরোটাই সংরক্ষিত বন এবং হাতি চলাচলের করিডর। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত নয় বছরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাঁশখালী অংশে ১৪টি হাতি মারা গেছে। একই সময়ে হাতির কারণে প্রাণ হারিয়েছেন ১৫ জন মানুষ।
স্থানীয় শীলকূপ আষিঘর পাড়া এলাকার কৃষক আবদুর রশীদ ও ইনফাস মিয়া বলেন, ছোটবেলা থেকে তারা সংরক্ষিত বনে কৃষিকাজ করে আসছেন। কিন্তু আগে হাতির আক্রমণের শিকার হতে হয়নি। কয়েক বছর ধরে চাষাবাদে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বন্যহাতি।
তারা বলেন, প্রায়ই রাতে দলবেঁধে হাতির পাল এসে কলাবাগান ও সবজির ক্ষেত নষ্ট করে দেয়। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চাম্বল এলাকার কৃষক রামপ্রসাদ দাশ ও রাজীব দাশ বলেন, ‘হাতি লোকালয়ে এলে শিস দিয়ে সবাইকে একত্র করা হয়। এরপর আগুন জ্বালিয়ে গহিন বনের দিকে হাতির পালকে তাড়িয়ে দেওয়া হয়।’
জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হক বলেন, ‘ভৌগোলিকভাবে সংরক্ষিত বন ও লোকালয় কাছাকাছি হওয়ায় হাতি-মানুষের দ্বন্দ্বের ঝুঁকি বেশি। উপকূলীয় এলাকার অনেক মানুষ বনের জমিতে বসতি স্থাপন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘হাতির বাসস্থান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হাতিদের জন্য খাদ্য উপযোগী বাগান করা হচ্ছে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘কয়েক বছর ধরে মানুষ ও হাতির দ্বন্দ্ব বেড়েছে। সংরক্ষিত বনে জলবায়ু ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এতে প্রকৃতি, বন্যপ্রাণী ও মানুষ—সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তার মতে, এভাবে পাহাড়ি এলাকায় মানুষের পুনর্বাসন চলতে থাকলে হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব আরও বাড়বে।
বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ‘হাতির আবাসস্থল হলো বনাঞ্চল। সেই বনের স্বাস্থ্য ভালো না থাকলে হাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসবেই। হাতিকে ভালো রাখতে হলে নিরাপদ আবাসস্থল, পানি ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘বনাঞ্চলে অবাধে গাছ কাটা, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন এবং বন দখল করে বসতি স্থাপনের ফলে মানুষের আনাগোনা বেড়েছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ে বন্যপ্রাণীর খাদ্যভাণ্ডারও কমে গেছে। খাবারের অভাবে প্রায়ই হাতি লোকালয়ে নেমে আসছে। এতে হাতি-মানুষের দ্বন্দ্বের ঘটনাও বেড়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘সংরক্ষিত বনে বসতি গড়ে ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতি। হাতি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে এবং সংকুচিত হয়েছে তাদের আবাসস্থল।’
তিনি বলেন, ‘গহিন বনে হাতির খাদ্যযোগ্য গাছপালা ধ্বংস করে বিভিন্ন ধরনের চাষাবাদ করা হচ্ছে। ফলে খাবারের সন্ধানে হাতি বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে।’
রুহুল আমীন বলেন, ‘হাতিকে বাঁচিয়ে রাখতে না পারলে পরিবেশ টিকবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় হাতিকে বাঁচিয়ে রাখতে হবে। হাতির বিচরণক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না।’
আলোচনা সভায় বক্তারা হাতির আবাসস্থল ও চলাচলের করিডর রক্ষা, বন দখল বন্ধ, হাতির খাদ্য ও পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














