চুয়েটে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ (২২) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেট বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে নামেন। এ সময় শান্ত ও অর্ণব পানিতে ডুবে যান। তৎক্ষণাৎ একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, দুজনের কেউই সাতার জানতেন না। ফুটবল খেলার পর ক্লান্ত শরীরে পুকুরে নেমে তারা ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গোসল করতে নেমে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর জানতে পেরেছি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।’
উল্লেখ্য, একই পুকুরে গত ২৮ জুলাই অর্ণব সাহা নামে অন্য এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














