কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২২৪, ৭০ বারের বেশি আফটারশক
আন্তর্জাতিক ডেস্ক
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২৪ জনে। এরই মধ্যে ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০ বারের বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে কম্পন ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর আফটারশক আরও কয়েক দিন, সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সিএনএনের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় চোকো বিভাগে নতুন করে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, সেখানে আরও ১৩৮ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।
ভূমিকম্পের পর একের পর এক আফটারশক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০ বারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।
মঙ্গলবার সকালে সর্বশেষ কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। মূল ভূমিকম্পের তুলনায় কম শক্তিশালী হলেও দেশের বেশ কয়েকটি শহরে এর কম্পন অনুভূত হয়েছে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সর্বশেষ আফটারশকের উৎপত্তিস্থলও ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। কম্পনটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, সামনে আরও আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। মূল ভূমিকম্পের ফলে ভূত্বকে তৈরি হওয়া ফাটল ও পরিবর্তিত অংশের আশপাশে জমে থাকা শক্তি পুরোপুরি বেরিয়ে গিয়ে পরিস্থিতি স্থিতিশীল হতে কয়েক দিন, কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও সময় লাগতে পারে।
অন্যদেশ সব খবর















