চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত
সিভয়েস২৪ প্রতিবেদক
লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দর পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। তিনি তার ডান হাত ও পিঠে আঘাত লেগেছে বলে জানা যায়। দুর্ঘটনার পর তাকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের মই বেয়ে পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার বন্দর জেটি থেকে বহির্নোঙরে জাহাজটি পৌঁছে দেওয়ার পর মই বেয়ে নিচে থাকা পাইলট বোটে নামছিলেন ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। এ সময় মইয়ের ডান পাশের রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে আহত হন। জাহাজের ব্রিজে ওঠানামার জন্য ব্যবহৃত মইটি জাহাজের সঙ্গে রশি দিয়ে ঠিকভাবে বাঁধা ছিল না। রশি ধরে নিচে নামার সময় ডান পাশের রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। নিম্নমানের বা পুরোনো রশি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করেন বন্দর ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। বহির্নোঙর থেকে জাহাজটির মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে জাহাজটি ছাড়পত্র পায়নি। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বা শিপিং এজেন্টের প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
অর্থ-বাণিজ্য সব খবর















