২০৩৪ সালেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব : অর্থমন্ত্রী
সিভয়েস২৪ প্রতিবেদক
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ এবং শিল্পায়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে পারলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।’
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে আয়োজিত আইজিএনডি বিষয়ক জাতীয় ডিসেমিনেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি, বন্দর ও লজিস্টিকস, শিল্প, দক্ষ জনশক্তি, পর্যটন এবং ডিজিটাল খাতের উন্নয়নকে একই পরিকল্পনার আওতায় আনতে হবে। বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত উন্নয়ন কৌশলই দেশের অর্থনৈতিক রূপান্তরের মূল চাবিকাঠি।’
চট্টগ্রাম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারি স্টোরেজ স্থাপন, গ্যাস অনুসন্ধান ও সরবরাহ বৃদ্ধি এবং নতুন এলএনজি ও এলপিজি অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মহেশখালী-মাতারবাড়ীকে কৌশলগত জ্বালানি হাব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং চট্টগ্রাম অঞ্চলের বন্দর, শিল্প ও নগর এলাকায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের অংশীদারত্ব, শিক্ষানবিশ কর্মসূচি এবং বিদেশের শ্রমবাজার উপযোগী দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে উদ্যোক্তা, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরবরাহকারীদের বড় শিল্পপ্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি বাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি, শিল্প, বন্দর, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে পারলে দেশের প্রবৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’
অর্থ-বাণিজ্য সব খবর














