Cvoice24.com

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসে তীব্র গ্যাস সংকট

সিভয়েস২৪ ডেস্ক
১১:৩৩, ২৬ জুলাই ২০২৬
এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসে তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর প্রভাবে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকেরা তীব্র গ্যাস সংকটে পড়েছেন।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। ফলে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এদিকে কারিগরি ত্রুটি দ্রুত নিরসন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।