ভাঙচুর-অগ্নিসংযোগ
সীতাকুণ্ডে যুবক হত্যা মামলার প্রধান আসামি গণপিটুনিতে নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবক মো. নাঈম (৩০) হত্যা মামলার প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে ইরান গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই সহযোগী আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ইরানের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।
নিহত নাঈম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের বাসিন্দা মো. খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাতে নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ‘শনিবার নুরুল ইসলাম ওরফে ইরানকে প্রধান আসামি করে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন।
পরে রাত প্রায় ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নুরুল ইসলাম ওরফে ইরানের বিরুদ্ধে এর আগে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা ছিল।
এদিকে গণপিটুনির ঘটনায় ইরানের সহযোগী বাদশা ও আলতাফ আহত হন। গুরুতর আহত বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলতাফকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গণপিটুনির ঘটনার পর উত্তেজিত জনতা ইরানের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












