Cvoice24.com

হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৫:৪৬, ২৬ জুলাই ২০২৬
হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশি

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ইউরোপের শীর্ষ ফুটবলে পথচলার ইতিহাসে আরও একটি সম্ভাবনার নাম ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নেমে ফুলহ্যামের সিনিয়র দলের জার্সিতে অভিষেক হয়েছে তার।

শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। যদিও গোল বা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। ম্যাচটি ২-০ ব্যবধানে হেরে যায় ফুলহ্যাম। তবে ক্লাবের প্রকাশিত ম্যাচ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফারহানের নেওয়া একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে দারুণ পরীক্ষার মুখে ফেলেছিল।

জানা গেছে, ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে জন্ম নেওয়া ফারহান আলী ওয়াহিদের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। বাবা-মা দুজনই ব্রিটিশ নাগরিক হলেও তাদের পূর্বপুরুষের নিবাস সিলেটে।

ফুটবলের প্রাথমিক শিক্ষা শুরু হয় চেলসির বিখ্যাত একাডেমিতে। পরে ২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দ্রুতই নজর কাড়েন এই বাঁ-পায়ের আক্রমণভাগের খেলোয়াড়।

২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। এরপর থেকেই ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন।

২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দারুণ পারফরম্যান্স করেন ফারহান। ধারাবাহিক গোল, গতিময় ফুটবল এবং একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতায় তিনি আলোচনায় চলে আসেন।

চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নভেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন। মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন তিনি। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে কাট শট নেওয়া, গতি, ড্রিবলিং এবং আত্মবিশ্বাসী আক্রমণাত্মক ফুটবল ইতোমধ্যেই তাকে ফুলহ্যামের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ফারহানের ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় দলে আনার উদ্যোগ নিয়েছে। গত মে মাসে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ফারহানকে পাওয়ার লক্ষ্য নিয়ে তার বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের দলেও তাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শেফিল্ড ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে ইংলিশ ফুটবলে পরিচিত মুখ হামজা চৌধুরী ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন। এবার ফারহান আলী ওয়াহিদের অভিষেক বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সামনে নতুন স্বপ্ন দেখাচ্ছে।

যদি তিনি ফুলহ্যামের মূল দলে জায়গা ধরে রাখতে পারেন, তবে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার বিরল কৃতিত্ব অর্জন করবেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের আক্রমণভাগেও যোগ হতে পারে ইউরোপে বেড়ে ওঠা আরেক প্রতিভাবান ফুটবলারের নাম।