ভারতে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, বাংলাদেশ থেকেও আমন্ত্রণ
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতা। ব্রাজিলভিত্তিক ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন ব্রাজিল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে এ বিষয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বিশ্বকাপজুড়ে ভারতীয় সমর্থকদের কাছ থেকে ব্রাজিল যে ব্যাপক সমর্থন পেয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও সিবিএফকে ভারতে ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী করে তুলেছে।
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনটি প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি আয়োজনের জন্য বর্তমানে ভারতের সঙ্গে আলোচনা চলছে।
যদিও সম্ভাব্য প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার থেকেও ব্রাজিলকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ ছিল। তবে এখন পর্যন্ত ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে।
ম্যাচটি চূড়ান্ত হলে এবং কলকাতায় অনুষ্ঠিত হলে, শহরটির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্কের আরেকটি নতুন অধ্যায় যুক্ত হবে। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের জার্সিতে কিংবদন্তি পেলে ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। পরে তিনি আরও একবার কলকাতা সফর করেন।
এদিকে চলমান বিশ্বকাপ অভিযান হতাশার মধ্য দিয়েই শেষ হয়েছে ব্রাজিলের। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারকাসমৃদ্ধ দল নিয়ে মাঠে নামলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি সেলেসাওরা।
টুর্নামেন্টজুড়ে ভিনিসিউস জুনিয়র ছিলেন দারুণ ছন্দে। চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত নৈপুণ্যও ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে তুলতে যথেষ্ট হয়নি।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু তাঁর অধীনেও ব্রাজিলকে অপ্রত্যাশিত বিদায় দেখতে হয়েছে। ১৯৯০ সালের পর এটিই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিদায়ের ঘটনা।
খেলাধুলা সব খবর















