Cvoice24.com

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল 

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৪২, ২৬ জুলাই ২০২৬
ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল 

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে শুরু হয়েছে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল। রোববার (২৬ জুলাই) সকাল থেকে উপজেলার নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নে হরতালের প্রভাব দেখা গেছে।

হরতাল সমর্থকেরা ঢাকা–ফেনী–খাগড়াছড়ি মহাসড়ক, গহিরা–হেঁয়াকো সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ, ইট ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে যান চলাচল বন্ধ করে দেন। 

এর ফলে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

হরতালের প্রতি সংহতি জানিয়ে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ফলে এলাকার বাজারগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই নীরবতা দেখা যায়।

হরতালকারীরা জানান, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের জন্য সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘সকাল থেকে হরতাল শুরু হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর