জোড়া গোলে ফিরলেন নেইমার, হার বাঁচালেন সান্তোস
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
সমালোচনা, চোট আর ফিটনেস-সংকটের কঠিন সময় পার করে অবশেষে নিজের পরিচিত ছন্দে ফিরতে শুরু করেছেন নেইমার জুনিয়র। রোববার (২৬ জুলাই) সান্তোসের জার্সিতে ব্রাজিলেইরো সিরি ‘এ’-এর ম্যাচে জোড়া গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তার দুই গোলও জয় এনে দিতে পারেনি দলকে। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।
ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আলতো শটে প্রথম গোলটি করেন নেইমার। গোলের পর নিজের পরিচিত ভঙ্গিতে পোকার খেলার ইশারা করে উদ্যাপন করেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চ্যাপেকোয়েন্স। ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পরাজয়ের শঙ্কায় পড়া সান্তোস শেষ পর্যন্ত সমতায় ফেরে ৮৯ মিনিটে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের হার এড়ান নেইমার।
এই ম্যাচে আরেকটি ইতিবাচক দিক ছিল নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকা। সাম্প্রতিক সময়ে চোট ও ফিটনেস সমস্যার কারণে দীর্ঘ সময় খেলার সুযোগ খুব কমই পেয়েছেন তিনি।
এর আগে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট খেলতে পেরেছিলেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ফিটনেস বিবেচনায় তাকে শুরু থেকেই মাঠে নামাননি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরে বিদায় নেয়। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেটি জাতীয় দল নাকি বিশ্বকাপ—কোনটি থেকে বিদায়ের ইঙ্গিত ছিল, তা স্পষ্ট করেননি।
এর মধ্যেই নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্ট এবং পরে সাও পাওলোতে আরেকটি পোকার প্রতিযোগিতায় অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে নেইমার বলেন, ছুটির সময় কী করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। সমালোচনার চেয়ে অনুশীলনেই মনোযোগ দিতে চান বলেও জানান তিনি।
সমালোচনা আর বিতর্কের মধ্যেও সান্তোসের হয়ে জোড়া গোল করে নেইমার যেন জানিয়ে দিলেন, মাঠের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন পর পুরো ম্যাচ খেলে দুই গোল করাও তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।
খেলাধুলা সব খবর















