২ বিলিয়ন ইউরোর বাণিজ্যের পর এবার বাংলাদেশে বিনিয়োগে ইতালির নজর
সিভয়েস২৪ প্রতিবেদক
বাংলাদেশ ও ইতালির মধ্যে বর্তমানে ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, 'ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে। দেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়।'
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত বি-টু-বি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে প্রস্তুত। একই সঙ্গে চট্টগ্রামের ভৌগোলিক ও বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন এবং মাতারবাড়ীতেও নির্মাণ হচ্ছে নতুন একটি ফ্রি ট্রেড জোন।
তিনি জানান, চীন সরকারের সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং চট্টগ্রাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত হবে।
আমিরুল হক ইতালিয়ান কোম্পানিগুলোকে চট্টগ্রামের এই সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ফ্রি ট্রেড জোনে ওয়ান-স্টপ সুবিধার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে সহজেই বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি টেক্সটাইল, লেদার ও স্টিল খাতের প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিক মেশিনারিজ সরবরাহে ইতালিয়ান প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ওয়ার্কশপে ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পে ইতালিয়ান মেশিনারিজের ব্যাপক চাহিদা রয়েছে। এ ধরনের বি-টু-বি বৈঠকের মাধ্যমে দুই দেশের উদ্যোক্তারা প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
ওয়ার্কশপে ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এসএম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএর পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএর মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ ইতালি ও বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা ইতালীয় মেশিনারিজের জন্য বাংলাদেশে সার্ভিস সেন্টার স্থাপন, স্থানীয় অপারেটরদের দক্ষ করে তুলতে কারিগরি প্রশিক্ষণ, যৌথ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য উৎপাদনশীল খাতের মেশিনারিজ বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করতে ইতালিয়ান কোম্পানিগুলোর একক কিংবা যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের পণ্য, প্রযুক্তি ও সেবার বিভিন্ন দিক তুলে ধরে।
অর্থ-বাণিজ্য সব খবর















