Cvoice24.com

বাড়লো সোনার দাম

সিভয়েস২৪ ডেস্ক
১১:৫৮, ২১ জুলাই ২০২৬
বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৬৩৩ টাকা বেশি। এর আগে এ মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।