Cvoice24.com

শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী  

সিভয়েস২৪ ডেস্ক
২০:৩৬, ২১ আগস্ট ২০২৬
শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী  

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন ছয় সদস্যের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী  ও এম রশিদুজ্জামান মিল্লাত।  প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ও হুমায়ুন কবির (টেকনোক্রেট)।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।

অন্যদিকে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো।

রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে নতুন সাংবিধানিক অধ্যায়ের সূচনার পরপরই মন্ত্রিসভায় ছয় নতুন সদস্যের অন্তর্ভুক্তি সরকারের প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।