Cvoice24.com

দাদির কুলখানিতে ব্যস্ত পরিবার, ঘরে মিললো নাতির নিথর দেহ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:০৫, ২১ আগস্ট ২০২৬
দাদির কুলখানিতে ব্যস্ত পরিবার, ঘরে মিললো নাতির নিথর দেহ

খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক শিশু সন্তানের বাবা। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আরিফের দাদির কুলখানি ছিল। এ উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত ছিলেন।

এরই মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ তার বাবার ঘরে চলে যান। কিছুক্ষণ পর স্বজনেরা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরিফের বাবা মিছির আলী জানান, আরিফ স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুন পাড়ায় বসবাস করতেন। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে তিনি বাড়িতে আসেন।

শুক্রবার মায়ের কুলখানি চলাকালে ছেলে এমন ঘটনা ঘটাবেন, তা তারা কল্পনাও করতে পারেননি বলে জানান মিছির আলী। তবে কী কারণে আরিফ এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।

মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।