রামগড়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় রামগড় পুলিশ বক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় থানার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ বিএনপি-জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে মাদক থেকে দূরে থাকার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পাহাড় সব খবর














