Cvoice24.com

দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে  র‍্যালি ও সভা

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৪, ১৬ আগস্ট ২০২৬
দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে  র‍্যালি ও সভা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

রবিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তানজিল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান জ্যোতি চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিল পারভেজ বলেন, মৎস্য খাতের উন্নয়নে সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে চাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানোরও আহ্বান জানান।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, সরকার মৎস্যজীবীদের প্রতি বছর দুই মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়ে থাকে। তবে প্রয়োজনের তুলনায় এ সহায়তা অপ্রতুল। তিনি মৎস্যজীবীদের জন্য দুই মাসে অন্তত ৫০ কেজি খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, অতীতে মৎস্য কার্ড বিতরণ ও সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীরা যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।