রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ সড়ক থেকে ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নানিয়ারচরের কৃষ্ণমাছড়ার রূপন্ত চাকমার স্ত্রী মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালী থানার আমানতবাগ এলাকার মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮), বিজয়নগর এলাকার মৃত ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমা (৫২)।
গুরুতর আহত দুজন হলেন— পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং কোতোয়ালী থানার পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)। তারা আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, ‘দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে নিহত ও আহতদের খোঁজখবর নেন। এ সময় তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পাহাড় সব খবর














