Cvoice24.com

দীপেন দেওয়ানের সঙ্গে কাপ্তাই সুরের ধারা শিল্পীদের সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:০৬, ১৭ আগস্ট ২০২৬
দীপেন দেওয়ানের সঙ্গে কাপ্তাই সুরের ধারা শিল্পীদের সৌজন্য সাক্ষাৎ

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিল্পী ও প্রশিক্ষকেরা। রবিবার (১৬ আগস্ট) সকালে তার বাসভবনে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে সুরের ধারা সঙ্গীত নিকেতনের সাংস্কৃতিক কার্যক্রম ও প্রশিক্ষণ বিষয়ে দীপেন দেওয়ানকে অবহিত করেন শিল্পী ও প্রশিক্ষকেরা। নিকেতনের কার্যক্রম সম্পর্কে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শিল্পীরা জানান, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুরের ধারা সঙ্গীত নিকেতনের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছেন। চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও খিয়াং জনগোষ্ঠীর পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রশিক্ষণার্থীরাও জেলার বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে এসে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন।

বিষয়টি শুনে দীপেন দেওয়ান সাংস্কৃতিক বিকাশে এমন সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘রেইনবো নেশন’ বিনির্মাণে এ ধরনের সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টায় সার্বিক সহযোগিতা করা হবে।

সাক্ষাৎকালে জানা যায়, সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরের ধারা সঙ্গীত নিকেতনের প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করেন সংসদ সদস্য।

মতবিনিময় শেষে দীপেন দেওয়ানের আন্তরিকতা ও সময় দেওয়ার জন্য সুরের ধারা সঙ্গীত নিকেতন এবং কাপ্তাইয়ের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নিকেতনের আসন্ন সাংস্কৃতিক আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় কাপ্তাই সুরের ধারা পরিবারের সভাপতি ও সঙ্গীত প্রশিক্ষক প্রদীপ মল্লিক, যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তবলা শিল্পী অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ও বেতারশিল্পী ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক ও বিটিভি-বেতারের সঙ্গীতশিল্পী জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, সহ অর্থ সম্পাদক ও সঙ্গীতশিল্পী সুমনা তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক উপস্থিত ছিলেন।