Cvoice24.com

রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন, যা বললেন স্ত্রী

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
২০:২১, ২১ আগস্ট ২০২৬
রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন, যা বললেন স্ত্রী

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। তবে সেই গুঞ্জনে এবারও পানি ঢাললেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ফুটবলারের স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি।

কার্লোসের ধর্মান্তরের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। মরক্কোর সংবাদমাধ্যম হেস্পোর্ত-কে তাহিরি বলেন, তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে ও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে বেড়াচ্ছে, সব অসত্য।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি প্রথমে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টকে কেন্দ্র করে।

শাহিন দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত ইসলামি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল কার্লোসের। একপর্যায়ে প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং সেখানে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ব্রাজিলের সাবেক এই তারকা।

এরপর তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়। একটি প্রতিবেদনে দাবি করা হয়, শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময়ই কার্লোস ইসলাম গ্রহণ করেন।

তবে এসব দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন কার্লোসের স্ত্রী।

কার্লোসের স্ত্রী আরও দাবি করেন, একটি দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় শেখ জিহাদ হামাদা তাকে দেখতে গিয়েছিলেন এবং কোরআনের আয়াত পাঠ করেছিলেন—এমন খবরও সম্পূর্ণ মিথ্যা।

তাহিরি বলেন, “জিহাদ নামের কোনো শেখ কিংবা ধর্মযাজক তাকে দেখতে হাসপাতালে যাননি কিংবা কোরআনের আয়াত তাকে পড়াননি। এই লোক কে, আমরা সেটাই জানি না। আমি জানি না কীভাবে এই গল্প উঠে এলো। কিন্তু এটা দুর্ভাগ্য যে এগুলোর কোনো ভিত্তি নেই।”

কার্লোসের স্ত্রী মনে করেন, ধর্ম মানুষের অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল একটি বিষয়। তাই যাচাই না করে কারও ধর্ম পরিবর্তনের মতো তথ্য প্রকাশ করা উচিত নয়।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ধর্মীয় ব্যাপারগুলো সংবেদনশীল। কোনো যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য প্রকাশ করা উচিত নয়। সবার বিশ্বাস ও গোপনীয়তাকে শ্রদ্ধা করা উচিত।’

কার্লোস ইসলাম বা কোরআন নিয়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করেছেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তাহিরি বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে আলোচনা হওয়া স্বাভাবিক।

তার ভাষায়, ‘ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক। বিশেষ করে যখন ভিন্ন প্রেক্ষাপটের মানুষের দেখা হয়। কিন্তু আমি আমাদের ব্যক্তিগত আলাপ প্রকাশ করতে চাই না।’

তিনি আরও স্পষ্ট করেন, কোনো ধর্ম বা কোরআন নিয়ে আলোচনা করলেই একজন ব্যক্তি সেই ধর্ম গ্রহণ করেছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

এর আগেও নিজের ইসলাম গ্রহণের খবরকে সরাসরি অস্বীকার করেছিলেন রবার্তো কার্লোস।

সৌদি সংবাদমাধ্যম ওকাজ-কে দেওয়া এক বক্তব্যে তিনি ইসলাম ধর্মের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে বলেছিলেন, তার স্ত্রীকে ইসলামি রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখা তার কাছে সুন্দর বিষয়।

তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, তার ইসলাম গ্রহণের যে খবর ছড়িয়েছে, সেটি সত্য নয়।

ফলে কার্লোসের ধর্মান্তর নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার অবসান ঘটিয়ে তার স্ত্রীও এবার একই অবস্থান জানালেন—বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ইসলাম ধর্ম গ্রহণ করেননি।