Cvoice24.com

প্যাডলকে শুল্ক ফাঁকি, ঢাকার প্রতিষ্ঠানকে ৫৩ লাখ টাকা জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:১২, ২৩ আগস্ট ২০২৬
প্যাডলকে শুল্ক ফাঁকি, ঢাকার প্রতিষ্ঠানকে ৫৩ লাখ টাকা জরিমানা

ছয় পণ্য ঘোষণার তুলনায় কম এনে তার আড়ালে ১৪ হাজার কেজি অতিরিক্ত প্যাডলক (বহনযোগ্য তালা) আমদানির ঘটনায় ঢাকার নেহাল ট্রেড ইন্টারন্যাশনালকে ৫৩ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

এর মধ্যে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির দায়ে প্রতিষ্ঠানটিকে ৪৮ লাখ টাকা জরিমানা এবং ৫ লাখ টাকা বিমোচন জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, চকবাজার মৌলভীবাজারের আমদানিকারক প্রতিষ্ঠান নেহাল ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ৫২ হাজার ৫৮৫ মার্কিন ডলার মূল্যের এক হাজার ২৭২ কার্টন পণ্য আমদানি করে। এতে প্লাস বা সাঁড়াশি, প্যাডলক, এডজাস্টেবল রেঞ্জ, শানপাথর, হ্যাকস ব্লেড, পেইন্ট ব্রাশ ও হ্যামারসহ সাতটি পণ্য ঘোষণা দেওয়া হয়।

পণ্য খালাসের জন্য ২৩ জুলাই সিঅ্যান্ডএফ এজেন্ট এম এম এন্টারপ্রাইজের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করা হয়। ঘোষণার অতিরিক্ত ও উচ্চ শুল্কের পণ্য আমদানির তথ্যের ভিত্তিতে চালানটি লক করে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। পরে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, সাতটি পণ্যের মধ্যে ছয়টি ঘোষণার চেয়ে কম আমদানি করা হয়েছে। এর মধ্যে পিলার এক হাজার ৬৬০ কেজি, এডজাস্টেবল রেঞ্জ এক হাজার ১১১ কেজি, শানপাথর এক হাজার ৬৫৬ কেজি, হ্যাকস ব্লেড এক হাজার ৬১১ কেজি, পেইন্ট ব্রাশ এক হাজার ৪৩০ কেজি এবং হ্যামার দুই হাজার ৭৮৭ কেজি কম পাওয়া যায়।

অন্যদিকে, একমাত্র প্যাডলকই ঘোষণার চেয়ে ১৪ হাজার কেজি বেশি পাওয়া যায়। প্যাডলক আমদানিতে শুল্ককর ৯৬ দশমিক ১০ শতাংশ।

কাস্টমস সূত্র জানায়, প্রতিষ্ঠানের ঘোষিত পণ্যের মোট পরিমাণ ছিল ২৬ হাজার ৩৬৬ কেজি। তবে কায়িক পরীক্ষায় ঘোষণার চেয়ে ৩ হাজার ৭৪৪ কেজি বেশি পণ্য পাওয়া যায়। আমদানিকৃত পণ্যের মোট শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৩৭৭ টাকা।

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিচারাদেশ জারি করেন। এতে ৪৮ লাখ টাকা জরিমানা এবং ৫ লাখ টাকা বিমোচন জরিমানা করা হয়েছে।