বাড়িতে মশার লার্ভা, মালিককে ৩ হাজার টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের একটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রবিবার (২৩ আগস্ট) মহানগরের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ায় খোকনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসচেতনভাবে মশার লার্ভা উৎপাদন করে জনস্বাস্থ্য হুমকিতে ফেলার দায়ে সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ৯২ ধারায় বাড়ির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












