Cvoice24.com

বাসায় জাল নোটের মেশিন, যুবক গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪৯, ২৩ আগস্ট ২০২৬
বাসায় জাল নোটের মেশিন, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের অভিযানের এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, ‘শনিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়া ঘর থেকে এসব জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়।’

তিনি জানান, ১৩ আগস্ট পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘অভিযানে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি ও ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে। পুলিশ রিমান্ড শেষে মহিউদ্দিনকে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’