Cvoice24.com

টেকনাফে এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:১২, ২৪ আগস্ট ২০২৬
টেকনাফে এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৮৭ নম্বর শেডের ৬ নম্বর কক্ষের বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়, জাকিরের ডেইল পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। তবে অস্ত্রটি কার বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র‌্যাবের আরেকটি দল। এ সময় সামসুন নাহার (১৮) নামের এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর কালো পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধার করা এসএমজি ও গুলি এবং আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী টেকনাফের পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার সব খবর