রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মোহাম্মদ সালাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ/৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সালাম ১৫ নম্বর ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা।
৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় সালামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোহাম্মদ সালামকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সব খবর















