Cvoice24.com

বাঁশখালীতে জিল্লুর হত্যা: দিদারসহ গ্রেপ্তার ৪

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:০৮, ২৬ আগস্ট ২০২৬
বাঁশখালীতে জিল্লুর হত্যা: দিদারসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ ও মাছের ঘেরের দখল-আধিপত্যকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দিদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেনী সদর থানার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বাঁশখালীর সরল এলাকার দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) ও শহিদুল ইসলাম কালু (৩৫)।

র‌্যাব জানায়, গত ৩০ জুলাই রাতে বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণ ও মাছের ঘেরের দখল-আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে জিল্লুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। তিনি তাজুর ঘোনা নামের লবণ ও মৎস্য সমিতির অধীনে মাসিক বেতনে পাহারাদার হিসেবে কাজ করতেন।

র‍্যাব আরও জানায়, ঘটনার সময় একদল লোক অস্ত্র নিয়ে তাজুর ঘোনা দখলের উদ্দেশ্যে সেখানে যায়। পাহারাদার জিল্লুর তাদের বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তর বুকে তিনটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৩১ জুলাই ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জিল্লুর রহমানের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।