ঢাবির ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত
সিভয়েস২৪ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে তিন অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তিন শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান (সায়েম রানা)কেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগটি অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, ‘তিনি ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স করেছেন। কিন্তু সংগীত বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল।
ক্যাম্পাস সব খবর















