Cvoice24.com

তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে রাখতে খেলাধুলার বিকল্প নেই: শামীম

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১০:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে রাখতে খেলাধুলার বিকল্প নেই: শামীম

তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, শুধু শহরকেন্দ্রিক নয়, চট্টগ্রামের প্রত্যেক অঞ্চল, গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। নিয়মিত হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজন করা হলে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। এর মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুশীলন মাঠে ‘চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন উল্লেখ করে মাহবুবের রহমান শামীম বলেন, ‘তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী। দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামেও তিনি ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করি।’

সিজেকেএস কাউন্সিলর ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

‘চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুশীলন মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১৭-৬ গোলে কল্লোল সংঘ গ্রিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দল এবং সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলিন বম। এছাড়া টুর্নামেন্টের অন্যান্য পুরস্কার ও স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট খেলোয়াড় ও দলগুলোকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন, ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ, তামাকুমন্ডি লেইন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজ্জামেল হক, ‘চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল’ কমিটির চেয়ারম্যান এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর সিরাজুল আলম, প্রবীণ কুমার ঘোষ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, সাইফুল আলম খান, সোহেল আহমেদ, আসাদুজ্জামান, মোশাররফ হোসেন লিটন, ওয়াসিম কামাল রাজা, আবু সামা বিপ্লব, সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন খান, ক্রীড়া সংগঠক আজম খান, আনোয়ারুল আবেদীন মুন্না, মহসিন আলী বাদশা, মো. শাহাবুদ্দিন, আপেল মাহমুদ, আমির হোসেন মানিক ও রোকসানা বেগমসহ অংশগ্রহণকারী দুই দলের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যান্ডবল কমিটির সম্পাদক হারুন অর রশিদ।