কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মিলেনি বৈধ কাগজ
কক্সবাজার প্রতিনিধি
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের পার্কিং এলাকা থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে হোটেলটির হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটির পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বিলাসবহুল গাড়ির সন্ধান পেয়ে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে—ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের ২০২১ মডেলের লাল রঙের টয়োটা এম ক্রপ, ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের লাল রঙের হোন্ডা এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের ২০২০ মডেলের টুইন গ্রে রঙের মাজদা। তিনটি গাড়িরই উৎপাদনকারী দেশ জাপান।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বলেন, অভিযানের সময় গাড়িগুলোর ব্যবহারকারীদের কাছে আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র ও গাড়ি কেনার বৈধ কাগজপত্র চাওয়া হয়। তবে তাঁরা এসব কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, গাড়িগুলো শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা গাড়িগুলোর আমদানি ও মালিকানাসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সব খবর














