Cvoice24.com

সীতা পাহাড়ে গিয়ে বিপদে ৪ পর্যটক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

কাপ্তাই প্রতিনিধি, সিভয়েস২৪
২২:৫০, ২৮ আগস্ট ২০২৬
সীতা পাহাড়ে গিয়ে বিপদে ৪ পর্যটক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

দুর্গম পাহাড়ি পথ। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ফেরার পথে দিক হারিয়ে বিপাকে পড়েন চার পর্যটক। এর মধ্যে দুজন আহত হওয়ায় পাহাড় থেকে নামাও সম্ভব হচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তাদের একজন। পরে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে চারজনকেই নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম সীতা পাহাড়ে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন—টেকনাফের শাহপরীর দ্বীপের নুরুল আমিনের ছেলে মো. রবিউল আলম (২২), সন্দ্বীপের হারামিয়ার মো. বেলালের ছেলে ফুদ্দিন এমদাদ (২৫), টেকনাফের বড়হাবীব পাড়ার আবদুর শুক্করের ছেলে মো. মামুন (২০) এবং টেকনাফের সাবরাংয়ের মো. হাশেমের ছেলে মোস্তফা হাশেম সোহাগ (২৪)। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় থাকেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে চার পর্যটক মিলে প্রায় ১ হাজার ৮৪০ ফুট উচ্চতার সীতা পাহাড়ে ঘুরতে যান। পাহাড়ে ওঠার পর ফেরার পথে সন্ধ্যা ঘনিয়ে এলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তাদের মধ্যে দুজনের পা পিছলে কেটে যায়। দুর্গম পাহাড়ি পথ দিয়ে নিচে নামতে না পেরে দলের সদস্য রবিউল আলম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিমের নেতৃত্বে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে আহত দুই পর্যটকসহ চারজনকেই নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধার অভিযানের বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছান। পাহাড়ের রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্গম উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের এলাকায় পর্যটকদের আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। আহত দুই পর্যটকের পায়ে আঘাত থাকলেও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

রাম পাহাড় বিটের ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার বলেন, সীতা পাহাড় এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি বন্য হাতির নিয়মিত চলাচলের করিডোর। বর্তমানে সেখানে ৪০ থেকে ৫০টি হাতি রয়েছে এবং প্রতিটি পালের সঙ্গে শাবকও রয়েছে।

তিনি বলেন, প্রতিদিন অসংখ্য পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় প্রবেশ করেন। এর আগে একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না। স্থানীয় বালুচর ও প্রশান্তি ঘাট এলাকার লোকজনকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো পর্যটককে নদী পার করে ওই এলাকায় নেওয়া না হয়। কেউ গেলেও বিকেল ৪টার আগেই যেন পাহাড়ি এলাকা ত্যাগ করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

উদ্ধার হওয়া পর্যটক রবিউল আলম বলেন, ‘সীতা পাহাড় যে এতখানি ঝুঁকিপূর্ণ ও ভয়ংকর, তা এখানে না এলে বুঝতে পারতাম না। আমরা ভিডিওতে এর সৌন্দর্য দেখেছিলাম, কিন্তু বাস্তব চিত্রটি অত্যন্ত ভয়ংকর ও দুর্গম।’

প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম শেষে রাতেই চার পর্যটক নিরাপদে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

পাহাড় সব খবর