Cvoice24.com

রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গভীর খাদে, নারীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২২, ৩০ আগস্ট ২০২৬
রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গভীর খাদে, নারীর মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামের বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে রাজস্থলীর দিকে যাচ্ছিলেন খিয়োমা। পথে পাহাড়ি সড়কে একটি উঁচু অংশে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি বিলাইছড়ি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পাহাড় সব খবর