Cvoice24.com

প্যারেড কর্নারে সিএনজিতে মিললো ৪০০০ ইয়াবা, কারবারি আটক

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্যারেড কর্নারে সিএনজিতে মিললো ৪০০০ ইয়াবা, কারবারি আটক

চট্টগ্রাম মহানগরের চকবাজারে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার থানার নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম চাঁদপুরের কচুয়া থানার দুর্গাপুর এলাকার মো. হাসেমের ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চকবাজার থানার নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে মেসার্স জোনাইদা মেটাল ইন্ডাস্ট্রিজের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

র‌্যাবের কাছে তথ্য ছিল, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে ইয়াবা নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানোর সময় সেলিমকে আটক করা হয়।

পরে অটোরিকশাটির যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা লাল রঙের একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর