Cvoice24.com

জনতা ব্যাংক ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মানসিক-আর্থিক চাপের কথা

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংক ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মানসিক-আর্থিক চাপের কথা

চট্টগ্রাম মহানগরের হালিশহরের খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ইম্পিরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাঁর লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার (৩৯) হালিশহর থানায় মৃত্যুর সংবাদ জানিয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এজাহারে শারমিন আক্তার বলেন, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত ১টার দিকে তিনি ও তাঁর স্বামী আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন তিনি। নামাজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে তাঁর স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় তাঁর চিৎকারে বড় ছেলে আদিব হোসাইন (১২) সেখানে আসে। পরে শারমিনের বোন সুরাইয়া আক্তারও ঘটনাস্থলে আসেন। তাঁরা আবুল হোসাইনের গলায় পেঁচানো চাদর কেটে তাঁকে নিচে নামান। পরে স্বজনদের খবর দেওয়া হয়। শারমিনের বোনের জামাই মো. শাহাজালাল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে আবুল হোসাইন গত কয়েক মাসের মানসিক ও আর্থিক চাপের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।

চিরকুটে তিনি লেখেন, গত কয়েক মাস ধরে নানা সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে ‘মোহাম্মদপুর জিবি শাখার’ দায়িত্ব নেওয়ার পর ঋণ দেওয়া-না দেওয়া, বদলি ও অন্যান্য বিষয় নিয়ে তাঁর ওপর পেশাগত চাপ তৈরি হয়।

বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাওনা টাকা না পাওয়ায় আর্থিক সংকটে থাকার কথাও চিরকুটে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ২০২১ সালের একটি চেকসংক্রান্ত ঘটনায় লালদিঘী শাখার তৎকালীন ব্যবস্থাপক হিসেবে তাঁর ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি সিআর মামলা হওয়ার কথা লেখেন। বিষয়টি দুই সপ্তাহ আগে জানতে পেরেছিলেন এবং এ নিয়ে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে ঘুমাতে পারছিলেন না বলে চিরকুটে উল্লেখ করেন তিনি।

চিরকুটের শেষ দিকে পরিবারের সদস্যদের দেখে রাখার আকুতি জানিয়ে আবুল হোসাইন তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লিখেছেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।